কাশিমপুর কারাগারে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী
গাজীপুর | ৯ মে ২০২৫ | শুক্রবার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে তাকে কারাগারে আনা হয় বলে নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।
জেল সুপার বলেন, “সেলিনা হায়াৎ আইভীকে আজ দুপুরে কারাগারে আনা হয়েছে। বর্তমানে তাকে আমাদের নিয়মিত প্রসেসিংয়ের আওতায় রাখা হয়েছে। নিরাপত্তা এবং প্রক্রিয়াগত কারণে আপাতত বিস্তারিত কিছু জানানো সম্ভব না হলেও, তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও রুটিন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।”
এর আগে শুক্রবার ভোররাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল ১০টার দিকে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইভী গ্রেফতার হওয়ার খবরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ কোন্দল।
প্রসঙ্গত, ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ শহরের একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং দীর্ঘদিন ধরে জনপ্রিয় মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে মতবিরোধ এবং বিভিন্ন অভিযোগ তাকে বিতর্কের মুখে ফেলে।
বর্তমানে তার বিরুদ্ধে কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তথ্য গোপন রাখা হয়েছে তদন্তের স্বার্থে।
এ ঘটনায় নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকে তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন, আবার অনেকে এই অবস্থান থেকে নিজেদের দূরে রাখছেন।
ঘটনার পর থেকেই কাশিমপুর মহিলা কারাগার ও দেওভোগ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |